কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? অমিত শাহের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত



কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার সকালে কলকাতায় পৌঁছচ্ছেন। তিনি বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। সূত্রের খবর, এই বৈঠকেই ঠিক হতে পারে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম। এরপর শনিবার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে কাকে বেছে নেওয়া হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।


শনিবার ব্রিগেড প্যারেড ময়দানে বিজেপির নবনির্বাচিত বিধায়ক দলের নেতা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।


বিধায়ক দলের নেতা নির্বাচনের প্রক্রিয়ায় অমিত শাহকে কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বৃহস্পতিবার রাতেই কলকাতায় আসার কথা থাকলেও দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকের কারণে আসতে পারেননি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, তিনি শুক্রবার সকালে কলকাতায় পৌঁছবেন।


দলীয় সূত্রের দাবি, তিনি নিউ টাউনের একটি হোটেলে থাকবেন। শুক্রবার দুপুর পর্যন্ত সেখানে থাকার পর বিশ্ব বাংলা সম্মেলন কেন্দ্রে যাবেন। সেখানে বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। ওই বৈঠকেই আলোচনা করে বিধায়ক দলের নেতা নির্বাচন করা হবে।


ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে এই প্রক্রিয়ায় অমিত শাহের সহকারী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সাধারণত কোনও রাজ্যে ভোটের পর বিধায়ক দলের নেতা নির্বাচনের সময় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ পর্যবেক্ষক পাঠায়। সেই বৈঠকেই নতুন নেতা নির্বাচনের ঘোষণা করা হয়, যা দলের দীর্ঘদিনের সাংগঠনিক রীতি।



এবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির ভূমিকা সম্পূর্ণ বদলাতে চলেছে। বিরোধী আসন ছেড়ে এবার শাসক দলের ভূমিকায় দেখা যাবে বিজেপিকে। ফলে যে নেতা বিধায়ক দলের প্রধান হিসেবে নির্বাচিত হবেন, তিনিই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হতে পারেন।



সূত্রের খবর, অমিত শাহের বৈঠকে যাঁর নাম মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত হবে, তিনি সন্ধ্যায় বিধায়কদের নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবেন। সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর শনিবার ব্রিগেডে অনুষ্ঠিত হবে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদে উত্তপ্ত পরিস্থিতি! কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূল ও হুমায়ুন কবীর সমর্থকদের সংঘর্ষে চাঞ্চল্য

বাংলায় ১৫২টির মধ্যে ১১০টিরও বেশি আসনে জয়ের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

আম আদমি পার্টিতে ফাটল! রাঘব-স্বাতি সহ বিজেপিতে একাধিক সাংসদ