লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অনিশ্চয়তার মাঝে অন্নপূর্ণা ভাণ্ডার ঘিরে জল্পনা তুঙ্গে! মে মাসেই কী ফর্ম বিলি?
নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের পর অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে রাজ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নতুন সরকার গঠনের পর থেকেই এই প্রকল্প নিয়ে জল্পনা বাড়ছে। ফর্ম কবে থেকে দেওয়া হবে এবং কীভাবে আবেদন করা যাবে, তা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার। তবে সরকার পরিবর্তনের পর এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না আসায় অনেকেই মনে করছেন প্রকল্পটি বন্ধ হয়ে যেতে পারে।
এই আবহে সোমবার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগের সরকারের চালু করা কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। তবে তা স্বচ্ছভাবে পরিচালিত হবে বলেও তিনি জানান।
পাঁচ বছর আগে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছিল।
বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পে তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের মাসিক ভাতা বাড়িয়ে ১৭০০ টাকা করা হয়। অন্যান্য শ্রেণির মহিলারা পান ১৫০০ টাকা। ভোটের আগে ভারতীয় জনতা পার্টি তাদের ইশতেহারে জানায়, ক্ষমতায় এলে মহিলাদের জন্য “অন্নপূর্ণা ভাণ্ডার” নামে নতুন প্রকল্প চালু করে মাসে ৩০০০ টাকা দেওয়া হবে।
আজ নবান্নে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, প্রথম বৈঠকে ছয়টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগের সরকারের সামাজিক প্রকল্প নিয়ে কোনো আলাদা সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সামাজিক প্রকল্প নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ১০ বছর বা ৩০ বছর আগে শুরু হওয়া কোনো সামাজিক প্রকল্প বন্ধ করছি না। তবে এগুলো সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে চলবে।” তিনি কোনো নির্দিষ্ট প্রকল্পের নাম নেননি, তবে ইঙ্গিত দেন যে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথীসহ আগের প্রকল্পগুলো চালু থাকবে। একই সঙ্গে তিনি জানান, বিদেশি বা অযোগ্য কেউ যেন এসব প্রকল্পের সুবিধা না পান, তা নিশ্চিত করা হবে।
এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে—লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে আরও পরিবর্তন করে কি নতুন “অন্নপূর্ণা ভাণ্ডার” চালু করা হবে?
এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী মন্ত্রিসভার বৈঠক সোমবার হবে। সেই বৈঠকে আর জি কর ইস্যু, মহিলাদের ওপর নির্যাতন এবং ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন