ফের রক্ত ঝরল বাংলায়, শুভেন্দু অধিকারীর পিএ খুনে সরগরম রাজ্য রাজনীতি

 


কলকাতা : পশ্চিমবঙ্গ বিজেপির বর্ষীয়ান নেতা শুভেন্দু অধিকারী-র ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়েছে। জানা গিয়েছে, গভীর রাতে মধ্যমগ্রামে তাঁকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালানো হয়। পুলিশ সূত্রে খবর, চন্দ্রনাথের বুকে তিনটি গুলি লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে।


চন্দ্রনাথ দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছিলেন। গত পাঁচ বছর ধরে তিনি প্রায় ছায়াসঙ্গীর মতো সবসময় শুভেন্দুর সঙ্গে থাকতেন। রাজনৈতিক বৈঠক, সাংগঠনিক যোগাযোগ থেকে শুরু করে ব্যক্তিগত নানা দায়িত্বও সামলাতেন তিনি। সদ্যসমাপ্ত নির্বাচনের সময় শুভেন্দুর সমস্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাজের দায়িত্বও তাঁর কাঁধেই ছিল।


প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকার কাছে চন্দ্রনাথের গাড়ি আটকে দেয় দুষ্কৃতীরা। এরপর খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা মোটরবাইকে এসেছিল এবং বাইকে কোনও নম্বরপ্লেট ছিল না। গাড়ির কাচে গুলির একাধিক চিহ্নও মিলেছে।

ঘটনার খবর পেয়েই শুভেন্দু অধিকারী মধ্যমগ্রামের উদ্দেশে রওনা দেন। পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। এলাকাজুড়ে নাকা তল্লাশি চালানো হচ্ছে এবং আশপাশের নজরদারি চিত্র খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির অভিযোগ, নির্বাচনে পরাজয়ের হতাশা থেকেই তৃণমূলের মদতেই এই হামলা চালানো হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে এখনও শাসকদলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

ঘটনাস্থলে বিজেপির একাধিক নেতা পৌঁছেছেন। গোটা এলাকায় বর্তমানে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদে উত্তপ্ত পরিস্থিতি! কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূল ও হুমায়ুন কবীর সমর্থকদের সংঘর্ষে চাঞ্চল্য

বাংলায় ১৫২টির মধ্যে ১১০টিরও বেশি আসনে জয়ের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

আম আদমি পার্টিতে ফাটল! রাঘব-স্বাতি সহ বিজেপিতে একাধিক সাংসদ