কনসার্ট, কিস ছিল শুধুই অজুহাত! ফাঁস হল তারা-বীরের সম্পর্ক ভাঙার আসল কারণ
সিনেমার দুনিয়া হোক কিংবা তারকাদের ব্যক্তিগত জীবন, সবকিছু নিয়েই মানুষের আগ্রহ তুঙ্গে। বিশেষ করে কোনও নতুন সম্পর্ক তৈরি হলে, সেই সম্পর্কের শুরু থেকে বিচ্ছেদ পর্যন্ত প্রতিটি খুঁটিনাটি জানতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। গত কয়েক মাস ধরে সবচেয়ে বেশি চর্চায় থাকা সম্পর্কগুলোর মধ্যে অন্যতম ছিল তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার সম্পর্ক। কিছুদিন আগেই তাঁদের আলাদা হয়ে যাওয়ার খবর সামনে আসে। প্রথমে মনে করা হয়েছিল, জনপ্রিয় গায়ক এপি ঢিল্লনের অনুষ্ঠানে ঘটে যাওয়া একটি ঘটনাই এই বিচ্ছেদের কারণ। তবে এবার সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য।
জানা গিয়েছে, ২০২৬ সালের জানুয়ারির শুরুতেই তারা ও বীরের সম্পর্ক ভেঙে যায়। প্রায় এক বছর একসঙ্গে থাকার পর দু’জন আলাদা থাকার সিদ্ধান্ত নেন। ঘটনাটা শুরু হয়েছিল মুম্বইয়ে এপি ঢিল্লনের সঙ্গীতানুষ্ঠানে। সেখানে মঞ্চে উঠে তারাকে চুম্বন করেন গায়ক। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। আর সেই সময় দর্শকাসনেই উপস্থিত ছিলেন বীর পাহাড়িয়া। পরে তিনি একটি বিশেষ বার্তা দিয়ে বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানান। কিন্তু তার কিছুদিনের মধ্যেই বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়ে ওঠে।
যদিও প্রথমে অনেকে এই ঘটনাকেই বিচ্ছেদের মূল কারণ বলে মনে করেছিলেন, এখন শোনা যাচ্ছে অন্য কথা। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বীরের ঘনিষ্ঠ বন্ধুরা তাঁর ভালোর জন্য সবসময় পাশে থাকতেন। অন্যদিকে, তারাকে নাকি অত্যন্ত নিয়ন্ত্রণপ্রবণ স্বভাবের মানুষ বলে মনে করতেন অনেকেই। সূত্রের দাবি, সম্পর্কের শুরুতে সবকিছু ঠিকঠাক থাকলেও ধীরে ধীরে নানা শর্ত চাপতে শুরু করেন অভিনেত্রী।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, তারা নাকি চাইতেন বীর নিজের আশপাশের মানুষজন বদলে ফেলুক। এমনকি তাঁর ফোনের যোগাযোগ তালিকা থেকেও কিছু মানুষকে সরিয়ে দিতে বলেছিলেন। শুধু তাই নয়, বাড়ির সাজসজ্জা থেকে শুরু করে নিজের জীবনযাপন—সবকিছুই অভিনেত্রীর পছন্দমতো গড়ে তুলতে চাইতেন তিনি। যদিও বীর সম্পর্ক টিকিয়ে রাখতে অনেক বদল মেনে নিয়েছিলেন। তাঁর বন্ধুরা বারবার বোঝালেও, তিনি নিজের মতো থাকার বদলে তারার কথাই গুরুত্ব দিতেন।
তবে সেই সঙ্গীতানুষ্ঠানের ঘটনার পর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত তারা বা বীর, কেউই প্রকাশ্যে বিচ্ছেদের কথা স্বীকার করেননি। এমনকি সমাজমাধ্যমে এখনও একে অপরের সঙ্গে তোলা বহু ছবিও রয়ে গিয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন