ব্রিগেডে আজ শুভেন্দুর রাজ্যাভিষেক! উপস্থিত প্রধানমন্ত্রীসহ ২১ রাজ্যের মুখ্যমন্ত্রী
শনিবার, পঁচিশে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তীর দিনেই সকাল ১১টায় কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। বিজেপি বিধায়ক দলের নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। অনুষ্ঠানে বাংলা সংস্কৃতির নানা রঙ ও ঐতিহ্যের ছাপ দেখা যাবে।
এই প্রথম পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হচ্ছে এবং প্রথমবারের মতো ব্রিগেড প্যারেড ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও বিজেপি ও জাতীয় গণতান্ত্রিক জোট শাসিত ২১টি রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
অনুষ্ঠানে বহু সাংসদ, বিধায়ক ও বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। সেই কারণে ব্রিগেড ময়দান এবং রাজ্যের রাজধানীর বিস্তীর্ণ এলাকাজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে পুলিশ ব্রিগেড প্যারেড ময়দানকে প্রায় ৩৫টি ভাগে ভাগ করেছে। কয়েকটি অংশ মিলিয়ে একটি করে নিরাপত্তা বলয় তৈরি করা হবে এবং প্রতিটি বলয়ের দায়িত্বে থাকবেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা গোটা নিরাপত্তা ব্যবস্থার তদারকি করবেন। বিশেষ গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য আলাদা নিরাপত্তা বলয় রাখা হয়েছে, যেখানে প্রায় ৪০ জন বিশিষ্ট ব্যক্তি থাকতে পারেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি লক্ষাধিক বিজেপি সমর্থকও অনুষ্ঠানে যোগ দিতে পারেন। সেই কারণে শহরের বিভিন্ন উঁচু ভবন থেকে নজরদারি চালানো হবে এবং বিশেষ অতিথিদের নিরাপত্তায় আকাশপথে নজরদারির ব্যবস্থাও থাকবে।
অন্যদিকে, শনিবার ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরে পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে গ্যাস, জ্বালানি, অক্সিজেন, শাকসবজি, ওষুধ, মাছ, ফল ও দুধবাহী গাড়িকে ছাড় দেওয়া হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন রাস্তায় গাড়ি দাঁড় করানো যাবে না বলেও জানানো হয়েছে। পরিস্থিতি অনুযায়ী শহরে যান চলাচলে আরও কিছু বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন