রাজ্যজুড়ে ফের দুর্যোগের আশঙ্কা, রবিবার থেকে ভারী বৃষ্টি ও কালবৈশাখীর সতর্কতা

 


দক্ষিণবঙ্গে টানা কয়েকদিনের বৃষ্টিতে গরমের দাপট অনেকটাই কমেছে ঠিকই, তবে ছুটির আবহেই ফের বড়সড় দুর্যোগের আশঙ্কা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার দুপুরের পর থেকেই কলকাতাসহ একাধিক জেলায় প্রবল বৃষ্টি ও শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের ব্যাখ্যা, বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢোকা এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন উপ-হিমালয় এলাকায় তৈরি ঘূর্ণাবর্তের জেরেই রাজ্যজুড়ে অস্থির আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।


উত্তরবঙ্গে আবহাওয়ার চিত্র প্রায় একই রকম। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।


আজ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। বিশেষ করে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা এবং হুগলিতে ঘণ্টায় প্রায় ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দফায় দফায় কালবৈশাখীর তাণ্ডবে কোথাও কোথাও ক্ষয়ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।


সোমবার, অর্থাৎ সপ্তাহের প্রথম দিনেও মিলছে না স্বস্তির খবর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রপাত-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা থেকেই যাচ্ছে। বঙ্গোপসাগর থেকে এখনও অবিরাম জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী কয়েকদিন রাজ্যের বিস্তীর্ণ অংশে বৃষ্টি ও ঝড়ের দাপট জারি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদে উত্তপ্ত পরিস্থিতি! কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূল ও হুমায়ুন কবীর সমর্থকদের সংঘর্ষে চাঞ্চল্য

বাংলায় ১৫২টির মধ্যে ১১০টিরও বেশি আসনে জয়ের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

আম আদমি পার্টিতে ফাটল! রাঘব-স্বাতি সহ বিজেপিতে একাধিক সাংসদ