বাংলায় ভোটারদের নাম কেটে বিজেপির লাভ, কেরালায় কংগ্রেসের সুবিধা! বিস্ফোরক শশী থারুর

 


পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নতুন সরকার গঠিত হলেও নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিতর্ক এখনও থামেনি। কংগ্রেসের প্রবীণ সাংসদ শশী থারুর ফের ভোটার তালিকা সংশোধন এবং নাম বাদ যাওয়া নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়া এবং আপিলের নিষ্পত্তিতে দেরির কারণে নির্বাচনের ফলাফলে বড় প্রভাব পড়ে থাকতে পারে।


নির্বাচনের আগে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন কর্মসূচির প্রসঙ্গ তুলে থারুর জানান, প্রায় ৯১ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এর মধ্যে প্রায় ৩৪ লক্ষ মানুষ আপিল করে জানান, তাঁরা প্রকৃত ভোটার এবং ভোট দেওয়ার পূর্ণ অধিকার তাঁদের রয়েছে। কিন্তু নিয়ম অনুযায়ী প্রতিটি আপিল আলাদা করে খতিয়ে দেখা বাধ্যতামূলক হওয়ায় ভোটগ্রহণের আগেই মাত্র কয়েকশো মামলার নিষ্পত্তি সম্ভব হয়।


সান ফ্রান্সিসকোতে এক আলোচনাচক্রে বক্তব্য রাখতে গিয়ে শশী থারুর বলেন, “পশ্চিমবঙ্গের ঘটনাই দেখুন। ৯১ লক্ষ নাম বাদ পড়েছিল। তাঁদের মধ্যে ৩৪ লক্ষ জীবিত মানুষ আপিল করেছেন। অথচ অধিকাংশ মামলার নিষ্পত্তিই ভোটের আগে হয়নি। এখনও ৩১-৩২ লক্ষ মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত। পরে যদি প্রমাণ হয় তাঁরা প্রকৃত ভোটার ছিলেন, তাহলে তাঁরা ভোট দেওয়ার সুযোগ হারিয়ে ফেলবেন।”


তিনি আরও বলেন, “ভারতীয় জনতা পার্টি প্রায় ৩০ লক্ষ ভোটের ব্যবধানে জিতেছে। আর আপিল ঝুলে থাকা ভোটারের সংখ্যাও প্রায় একই। তাই প্রশ্ন উঠছে, প্রকৃত ভোটাররা কি ভোট দেওয়ার সুযোগই পেলেন না?”


থারুর স্পষ্ট জানান, ভুয়ো, মৃত বা অন্যত্র চলে যাওয়া ভোটারদের নাম বাদ দেওয়ার বিরুদ্ধে তাঁর আপত্তি নেই। তবে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়া এবং দীর্ঘদিন আপিল ঝুলে থাকা গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে উদ্বেগজনক বলেই তিনি মনে করেন।


কেরালার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সেখানে বহু ক্ষেত্রে একই ব্যক্তির নাম একাধিক বুথে থাকার অভিযোগ ছিল। সেই ধরনের নাম বাদ যাওয়ায় কংগ্রেসেরই সুবিধা হয়েছে বলে তাঁর ধারণা। তাঁর দাবি, কেরালা ও তামিলনাড়ুতে খুব কম আপিল জমা পড়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গে ৩৪ লক্ষ পৃথক আপিল জমা পড়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ।


উল্লেখ্য, সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ২০৭টি আসন জিতে রাজ্যে সরকার গঠন করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদে উত্তপ্ত পরিস্থিতি! কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূল ও হুমায়ুন কবীর সমর্থকদের সংঘর্ষে চাঞ্চল্য

বাংলায় ১৫২টির মধ্যে ১১০টিরও বেশি আসনে জয়ের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

আম আদমি পার্টিতে ফাটল! রাঘব-স্বাতি সহ বিজেপিতে একাধিক সাংসদ