মোদীর ‘ত্যাগের ডাক’ ঘিরে বিস্ফোরক রাহুল! বললেন, “দেশ চালানো আর ওনার পক্ষে সম্ভব নয়”
মধ্যপ্রাচ্যে ক্রমশ খারাপ হওয়া পরিস্থিতি ও উপসাগরীয় সংকটের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাধারণ মানুষকে তেল, গ্যাস, সোনা-সহ একাধিক বিষয়ে সংযমের আহ্বান ঘিরে তীব্র আক্রমণ শানালেন রাহুল গান্ধী। তিনি বলেন, গত ১২ বছরে দেশকে এমন জায়গায় এনে দাঁড় করানো হয়েছে, যেখানে মানুষকে বলে দিতে হচ্ছে— কী কিনবে, কী কিনবে না, কোথায় যাবে, কোথায় যাবে না। এগুলো উপদেশ নয়, ব্যর্থতার প্রমাণ।
সোমবার সমাজমাধ্যমে করা এক পোস্টে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি লেখেন, “প্রধানমন্ত্রী মানুষকে ত্যাগ স্বীকার করতে বলছেন— সোনা কিনবেন না, বিদেশে যাবেন না, কম পেট্রল ব্যবহার করুন, সার ও ভোজ্যতেল কম ব্যবহার করুন, মেট্রোয় চলাফেরা করুন, বাড়ি থেকে কাজ করুন। এগুলো কোনও উপদেশ নয়, সরকারের ব্যর্থতার স্পষ্ট চিত্র।”
রাহুল গান্ধী আরও বলেন, “প্রতিবারই সাধারণ মানুষের উপর দায় চাপিয়ে সরকার নিজের জবাবদিহি এড়িয়ে যায়। দেশ চালানো এখন আপসকামী প্রধানমন্ত্রীর সাধ্যের বাইরে চলে গিয়েছে।”
এর আগে তেলেঙ্গানায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক জ্বালানি সংকট ও উপসাগরীয় অঞ্চলের উত্তেজনার প্রসঙ্গ তুলে মানুষকে সংযমী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাস খুব ভেবে ও সীমিতভাবে ব্যবহার করা উচিত। পাশাপাশি করোনা সময়ের মতো বাড়ি থেকে কাজ, অনলাইন বৈঠক ও ভিডিও বৈঠকের ব্যবস্থাও ফের চালু করার পরামর্শ দেন।
বিদেশি মুদ্রার উপর চাপ কমানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববাজারে জ্বালানির দাম দ্রুত বাড়ছে। তাই ব্যক্তিগত গাড়ির বদলে মেট্রো ও গণপরিবহণ ব্যবহারের উপর জোর দেন তিনি। পণ্য পরিবহণে রেলপথকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন। পাশাপাশি আগামী এক বছরের জন্য সোনা কেনা পিছিয়ে দেওয়ার আবেদন জানান প্রধানমন্ত্রী।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন