জ্বালানি সাশ্রয়ের ডাক, মাত্র দুই গাড়ির কনভয়ে বেরিয়ে উদাহরণ দিলেন নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে পেট্রোল ও ডিজেল সাশ্রয়ের আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বান ঘিরে দেশজুড়ে জোর আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে তিনি নিজেও সেই বার্তা বাস্তবে পালন করতে শুরু করেছেন।
আজ প্রধানমন্ত্রী নিজের বাড়ি থেকে মাত্র দুটি গাড়ি নিয়ে বের হন। একটি গাড়িতে তিনি নিজে ছিলেন, আর অন্যটিতে ছিলেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ সুরক্ষা বাহিনীর সদস্যরা। এই দুই গাড়ির ছোট কনভয়েই তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পৌঁছান।
এর আগে রবিবার হায়দরাবাদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে জ্বালানি সাশ্রয়ের আবেদন জানান। তিনি বলেন, পেট্রোল ও ডিজেলের ব্যবহার আরও সচেতনভাবে করতে হবে। পাশাপাশি এক বছরের জন্য সোনা কেনা থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর এই আহ্বানের পর কেন্দ্রীয় সরকারের বহু মন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও নিজেদের গাড়ির বহর কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এছাড়া অনেক গুরুত্বপূর্ণ বৈঠক অনলাইন মাধ্যমে করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একই ধরনের পদক্ষেপ নিয়েছেন।
তবে এই পরিস্থিতিকে ঘিরে নানা জল্পনাও শুরু হয়েছে। একাংশের মতে, আগামী দিনে কিছু বিধিনিষেধ জারি হতে পারে। আবার অনেকের ধারণা, পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে পারে এবং সেই সম্ভাবনার প্রস্তুতি হিসেবেই এই বার্তা দেওয়া হচ্ছে।
এই জল্পনা আরও বেড়ে যায় যখন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি বলেন, দীর্ঘদিন ধরে পেট্রোল ও ডিজেলের দাম স্থির রাখা সম্ভব নয়। তাঁর বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধির কারণে প্রতিদিন তেল সংস্থাগুলিকে প্রায় এক হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতি দীর্ঘদিন চালিয়ে যাওয়া কঠিন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন