“সব জানে দিল্লি!” ভারত-পাক গোপন আলোচনার বিস্ফোরক দাবি মেহবুবার
জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টির সভানেত্রী মেহবুবা মুফতি রবিবার ভারত-পাকিস্তানের মধ্যে আলোচনার পক্ষে সওয়াল করে দাবি করেছেন, প্রকাশ্যে দুই দেশের মধ্যে যতই কড়া ভাষার লড়াই চলুক না কেন, আড়ালে নাকি দীর্ঘদিন ধরেই কথাবার্তা চলছে। পুঞ্চে এক জনসভায় তিনি বলেন, গত তিন মাস ধরে গোপন স্তরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। তাঁর দাবি, অবসরপ্রাপ্ত কূটনীতিক, প্রাক্তন সেনা আধিকারিক ও বিভিন্ন প্রতিনিধি বিদেশে বসে পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মেহবুবা বলেন, জম্মু-কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান একমাত্র আলোচনার মাধ্যমেই সম্ভব। এই প্রসঙ্গে তিনি তাঁর বাবা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সইদ-এর কথা তুলে ধরে জানান, তাঁর দেখানো পথই এখনও উপত্যকায় শান্তি ফেরানোর সবচেয়ে কার্যকর উপায়। মেহবুবার কথায়, “মুফতি সাহেব সবসময় বলতেন, বিরোধিতা যতই হোক শেষ পর্যন্ত আলোচনার টেবিলে ফিরতেই হবে। কারণ সমস্যার সমাধানের আর কোনও রাস্তা নেই।”
তিনি আরও অভিযোগ করেন, সামরিক অভিযান চালানো হলেও তার আগেই যদি আলোচনা শুরু হতো, তাহলে বহু নিরীহ প্রাণহানি এড়ানো যেত। তাঁর কথায়, “যে সব সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন, ছোট ছোট শিশুরাও যেভাবে নিহত হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ধ্বংস এড়ানো সম্ভব ছিল।”
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে রাওয়ালাকোট রুটে বাণিজ্য ও যাতায়াত পরিষেবা বন্ধ হয়ে যাওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন পিডিপি নেত্রী। তিনি বলেন, এই পথ চালু করার উদ্দেশ্য ছিল মানুষের হাতে অস্ত্রের বদলে কাজ ও ব্যবসার সুযোগ তুলে দেওয়া। কিন্তু সেই পথও বন্ধ করে দেওয়া হয়েছে।
২০১৯ সালে সংবিধানের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্তের পর পির পাঞ্জাল ও চিনাব উপত্যকার মানুষ সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছেন বলেও দাবি করেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে মানুষের দাবি উপেক্ষা করার অভিযোগ তুলে মেহবুবা বলেন, ছোটখাটো প্রশাসনিক কাজের জন্য সাধারণ মানুষকে এখনও জম্মু বা শ্রীনগরে ছুটতে হচ্ছে।
একই সঙ্গে তিনি বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দরিদ্র এবং জনজাতি সম্প্রদায়ের সমস্যার প্রসঙ্গও তোলেন। বিশেষ করে গুজ্জর ও বকরওয়াল সম্প্রদায়ের মানুষদের জমি দখলদার বলে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শেষে যুবসমাজকে নেশা থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অংশ নেওয়ারও আবেদন জানান মেহবুবা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন