বামেদের সঙ্গে জোট গুঞ্জন! নীল-সাদা শাড়ি কি এবার ইতিহাস? মমতার লাল-সাদা লুক নিয়ে নতুন চর্চা
রবীন্দ্র জয়ন্তীতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোশাক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ও সোশ্যাল মিডিয়া মহলে। এতদিন পর্যন্ত সাধারণত নীল-সাদা শাড়িতে দেখা যেত তাঁকে, যা তাঁর একধরনের পরিচিত রাজনৈতিক স্টাইল আইডেন্টিটি হয়ে উঠেছিল।
কিন্তু এবারের রবীন্দ্র জয়ন্তীতে তাঁকে দেখা গেল লাল-সাদা শাড়িতে। এই পরিবর্তন নিয়েই শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা।
অনেকের মতে, এটি শুধুই উৎসবের আবহে একটি স্বাভাবিক পরিবর্তন, আবার কেউ কেউ এটাকে নতুন বার্তা বা স্টাইল শিফট বলেও ব্যাখ্যা করছেন। রাজনৈতিক মহলে মমতার এই লুক বদল নিয়ে চলছে চর্চা, এটা কি শুধুই উৎসবের সাজ, নাকি এর পিছনে অন্য কোনও রাজনৈতিক ইঙ্গিত লুকিয়ে আছে, তা নিয়েও চলছে জল্পনা। যদিও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে শনিবার রাজ্যে প্রথম বিজেপি সরকার শপথ গ্রহণ করার পর থেকেই রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। সেই আবহেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে কড়া লড়াইয়ের ডাক দিয়েছেন এবং সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বামপন্থীদেরও এই লড়াইয়ে পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন এবং এমনকি চরম-বামপন্থী গোষ্ঠীকেও তাঁর সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির বিরুদ্ধে যারা লড়ছেন তারা যদি বলেন, বামপন্থীরা—আমার কোনও অহংকার নেই। আসুন, বাংলার বাম থেকে চরম-বাম পর্যন্ত সকলের সঙ্গে জোট করি।” তিনি আরও বলেন, “দিল্লিতে যেমন আমরা লড়াই করি, বাংলাতেও তেমনি জোট গড়ে একসঙ্গে লড়াই করা উচিত।”
ফলে একদিকে যেমন রবীন্দ্র জয়ন্তীর পোশাক ঘিরে চলছে স্টাইল-চর্চা, অন্যদিকে তেমনই রাজনৈতিক মঞ্চে বিরোধী জোটের ডাক, দুই মিলিয়ে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে নতুন আলোচনা ও জল্পনার আবহ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন