সোনা কেনা বন্ধের পরামর্শ প্রধানমন্ত্রীর, আজ বড় বৈঠকে কেন্দ্র সরকার
পশ্চিম এশিয়ার উপসাগরীয় অঞ্চলে চলতে থাকা সংকট ক্রমশ আরও গভীর হচ্ছে। যুদ্ধ ও অস্থিরতার জেরে আন্তর্জাতিক স্তরে উদ্বেগ বাড়ছে, আর তার প্রভাব এবার স্পষ্টভাবে পড়তে শুরু করেছে ভারতেও। দেশের একাধিক জায়গায় রান্নার গ্যাস ও জ্বালানির জোগান নিয়ে সমস্যার খবর মিলছে।
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশ্যে বড় আবেদন জানিয়েছেন। তিনি বাড়ি থেকে কাজ করা, জ্বালানির ব্যবহার কমানো, বিদেশ সফরে কাটছাঁট এবং সোনা কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর এই বার্তার পর আজ দিল্লিতে কেন্দ্রের উচ্চপর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে এই বৈঠকে উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং তার প্রভাব নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে। বিভিন্ন মন্ত্রকের শীর্ষ আধিকারিকেরা বর্তমান সংকট নিয়ে রিপোর্ট পেশ করবেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দেশবাসীকে অত্যন্ত সংযতভাবে পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাস ব্যবহারের আহ্বান জানান। তিনি বলেন, অপ্রয়োজনীয় যাতায়াত কমাতে বাড়ি থেকে কাজ, অনলাইন বৈঠক ও ভার্চুয়াল আলোচনার মতো ব্যবস্থা ফের বাড়ানো দরকার।
শুধু তাই নয়, আগামী এক বছর সোনা কেনা থেকেও সাধারণ মানুষকে বিরত থাকার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা খরচ করে সোনা আমদানি করতে হয়, তাই বর্তমান পরিস্থিতিতে অপ্রয়োজনীয় সোনা কেনা এড়ানো উচিত।
এদিকে এই ইস্যুতে কেন্দ্রকে নিশানা করেছে কংগ্রেস। দলের সাংসদ কার্তি চিদাম্বরম বলেছেন, প্রধানমন্ত্রীর এই বার্তা অত্যন্ত গুরুতর। তাঁর প্রশ্ন, এমন আবেদন করার প্রয়োজন কেন পড়ল? তিনি অবিলম্বে সংসদের বিশেষ অধিবেশন ডেকে দেশের প্রকৃত পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন।
সামাজিক মাধ্যমে পোস্ট করে কার্তি চিদাম্বরম বলেন, “সরকারের এই সতর্কবার্তার পেছনে কী কারণ রয়েছে, তা দেশবাসীর জানার অধিকার আছে। তাই সংসদে বিস্তারিত আলোচনা হওয়া জরুরি।”

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন