মুখ্যমন্ত্রী হতেই বড় অ্যাকশন বিজয়ের, স্কুল-মন্দিরের পাশের মদের দোকান সরানোর নির্দেশ

 


পশ্চিমবঙ্গের মতো এবার তামিলনাড়ুতেও নতুন সরকার গঠিত হয়েছে। আর ক্ষমতায় এসেই কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে নতুন প্রশাসন। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই নিজের প্রথম বড় প্রশাসনিক সিদ্ধান্তে জোসেফ বিজয় রাজ্যজুড়ে ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের কাছে থাকা ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার জারি হওয়া নির্দেশিকায় আধিকারিকদের বলা হয়েছে, আগামী দু’সপ্তাহের মধ্যে মন্দির, মসজিদ, গির্জা, স্কুল, কলেজ এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা সমস্ত তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের মদের দোকান বন্ধ করতে হবে।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, বর্তমানে তামিলনাড়ুতে মোট ৪ হাজার ৭৬৫টি সরকারি মদের দোকান রয়েছে। এর মধ্যে ৭১৭টি দোকান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে ২৭৬টি ধর্মীয় স্থানের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত।

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্তকে নতুন সরকারের প্রথম বড় সামাজিক সংস্কারমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জনবহুল ও সংবেদনশীল এলাকায় মদের দোকান নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ দূর করতেই এই উদ্যোগ বলে দাবি সরকারের।

এর আগেই অভিনেতা থেকে রাজনীতিক হওয়া ৫১ বছরের বিজয় রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর দল ‘তামিলগা ভেট্রি কাজাগম’ বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক সাফল্য পেয়ে রাজ্যের বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। যদিও একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কংগ্রেস, বাম দল, বিদুথলাই চিরুথাইগল কাচ্চি এবং মুসলিম লীগের সমর্থনে প্রথম জোট সরকার গড়েছে দলটি।

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আরও একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছেন বিজয়। তিনি গৃহস্থ গ্রাহকদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রকল্পে অনুমোদন দিয়েছেন। পাশাপাশি মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী গঠন এবং মাদকবিরোধী অভিযানে জোর দিতে প্রতিটি জেলায় পৃথক মাদকবিরোধী শাখা তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

তবে শপথের পর সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘোষণায় বিজয়ের নিশানায় ছিল পূর্ববর্তী সরকার। তিনি জানান, ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে। প্রথম ভাষণে তিনি বলেন, “তামিলনাড়ু সরকারের বর্তমান অবস্থা জনগণের সামনে তুলে ধরতেই হবে। রাজ্যের ঋণের পরিমাণ ১০ লক্ষ কোটি টাকারও বেশি। সরকারি কোষাগার কার্যত শূন্য হয়ে পড়েছে, যার ফলে রাজ্যের ওপর অসহনীয় আর্থিক চাপ তৈরি হয়েছে।”

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদে উত্তপ্ত পরিস্থিতি! কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূল ও হুমায়ুন কবীর সমর্থকদের সংঘর্ষে চাঞ্চল্য

বাংলায় ১৫২টির মধ্যে ১১০টিরও বেশি আসনে জয়ের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

আম আদমি পার্টিতে ফাটল! রাঘব-স্বাতি সহ বিজেপিতে একাধিক সাংসদ