বাড়ছে গরম, বর্ষার আগেই বন্যা আতঙ্ক! জরুরি বৈঠকে বড় বার্তা অমিত শাহের
দেশজুড়ে ক্রমশ বাড়তে থাকা তাপপ্রবাহ, অতিরিক্ত গরম এবং বর্ষার আগেই বন্যার আশঙ্কাকে সামনে রেখে এবার কড়া পদক্ষেপের পথে কেন্দ্র সরকার। সেই কারণেই রবিবার উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে বিভিন্ন দফতরের আধিকারিকদের একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশও দেন তিনি।
সরকারি সূত্রের খবর, জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ এবং সিকিমে থাকা ৩০টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হ্রদকে ঘিরে আগাম সতর্কীকরণ ব্যবস্থা তৈরির পরিকল্পনা চলছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ, এই তালিকায় অন্তত ৬০টি হ্রদকে অন্তর্ভুক্ত করতে হবে এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সহায়তায় দ্রুত ব্যবস্থা গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, বন্যার পূর্বাভাসের জন্য কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বিত একক ব্যবস্থা তৈরি করা জরুরি। প্রতিটি রাজ্যে বন্যা মোকাবিলা বিশেষ দল গঠন ও সক্রিয় রাখার নির্দেশও দেন তিনি। পাশাপাশি দাবানল, তাপপ্রবাহ এবং বন্যা মোকাবিলায় বিভিন্ন রাজ্য কেন্দ্রের নির্দেশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের নীতিমালা কতটা মানছে, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে জল সংরক্ষণ ও ছোট বাঁধ নির্মাণের মতো প্রকল্পে আরও জোর দেওয়ার কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, পরিবেশের ভারসাম্য রক্ষায় বন ও পরিবেশ সংক্রান্ত তহবিলের সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি। জলবায়ুর পরিবর্তনের কারণে আবহাওয়ার ধরনে যে বড় পরিবর্তন আসছে, তার ফলে তৈরি হওয়া দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা তৈরির উপরও জোর দেন তিনি।
এছাড়াও বর্ষাকালে মৃত্যুর সংখ্যা, আবহাওয়ার পূর্বাভাস কতটা নির্ভুল হচ্ছে এবং কৃষিক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আগামী দিনে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।
এই বৈঠকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, বিভিন্ন মন্ত্রকের শীর্ষ আধিকারিক, জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সদস্য এবং বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন