“সন্ত্রাসবাদের সামনে ভারত কখনও নত হবে না”, পহেলগাম হামলার বর্ষপূর্তিতে পাকিস্তানকে কড়া বার্তা মোদীর
ন্যাশনাল ডেস্ক, ২২ এপ্রিল ২০২৬, ১০:১৩:০১ : পহেলগাম জঙ্গি হামলার বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী মোদী নিহতদের স্মরণ করে বলেন, তাদের কখনও ভুলে যাওয়া যাবে না। তিনি জানান, ভারত কোনোভাবেই সন্ত্রাসবাদের সামনে মাথা নত করবে না এবং সন্ত্রাসীদের ঘৃণ্য উদ্দেশ্য কখনও সফল হবে না। এই শোকের সময়ে তিনি শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।
তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, "গত বছর এই দিন পহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলায় নিহত নিরীহ মানুষদের স্মরণ করছি। তাদের কখনও ভুলে যাওয়া যাবে না। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে আছি। একটি জাতি হিসেবে আমরা শোক ও দৃঢ় সংকল্পে একত্রিত। ভারত কোনোভাবেই সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবে না এবং সন্ত্রাসীদের অপকর্ম কখনও সফল হবে না।"
পহেলগামে নিহতদের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। লিদ্দর নদীর তীরে কালো পাথর দিয়ে তৈরি এই স্মৃতিসৌধে ২৬ জন নিহতের নাম খোদাই করা হয়েছে। বর্ষপূর্তিকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
গত বছর ২২ এপ্রিল পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার জঙ্গিরা পহেলগামের বাইসারন উপত্যকায় ঘুরতে আসা পর্যটকদের ওপর নির্বিচারে গুলি চালায়। এই হামলায় ২৬ জন নিহত হন। জঙ্গিরা নাম ও ধর্ম জিজ্ঞাসা করে নারী ও শিশুদের সামনে গুলি চালায়। এই ঘটনার পর সারা দেশে ক্ষোভের সৃষ্টি হয়।
এই হামলার পর ভারত ‘অপারেশন সিন্দুর’ শুরু করে। এই অভিযানে পাকিস্তানে থাকা জঙ্গিদের নয়টি ঘাঁটি ধ্বংস করা হয় এবং শতাধিক জঙ্গি নিহত হয়। পরবর্তীতে ২৮ জুলাই ২০২৫ সালে ‘অপারেশন মহাদেব’-এর মাধ্যমে পহেলগাম হামলায় জড়িত জঙ্গিদের খতম করতে সক্ষম হয় ভারতীয় সেনা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন