ভোটের ৯৬ ঘণ্টা আগে বাংলায় মদ নিষিদ্ধ! কার নির্দেশে? দায় অস্বীকার কমিশনের
২২ এপ্রিল ২০২৬, ১৬:২৮:০১ : রাজ্যে বিধানসভা নির্বাচন ঘিরে জোরদার রাজনৈতিক তৎপরতা চলছে। কোথাও নেতাদের মন্তব্য নিয়ে বিতর্ক, আবার কোথাও প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন। ভোটের ৯৬ ঘণ্টা আগে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করার ঘটনাও এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন দায় চাপিয়েছে রাজ্য আবগারি দপ্তরের ওপর। কমিশনের তরফে জানানো হয়েছে, ‘ড্রাই ডে’ ঘোষণার সিদ্ধান্ত তাদের নয়, এ বিষয়ে আবগারি দপ্তরের কাছে জবাব চাওয়া হবে।
রাজ্যে প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। ২১ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত প্রচারের সময়সীমা ছিল। সাধারণত প্রচার শেষ হলেই মদ বিক্রিও বন্ধ রাখা হয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত মদ বিক্রি নিষিদ্ধ থাকে। কিন্তু এ রাজ্যে রবিবার গভীর রাতে হঠাৎ আবগারি দপ্তর মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে। এরপর সোমবার থেকেই মদের দোকান, বার ও পানশালা বন্ধ হয়ে যায়। যদিও অনেকেই মনে করেছিলেন, এই নির্দেশ নির্বাচন কমিশনের তরফেই এসেছে, কারণ নির্বাচন ঘোষণার পর অধিকাংশ সিদ্ধান্তই কমিশন নিয়ে থাকে। তবে কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তারা এমন কোনও নির্দেশ দেয়নি।
এই নিয়ে ব্যাখ্যা দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল। তিনি মঙ্গলবার জানান, যেসব এলাকায় ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট হবে, সেখানে মদ বিক্রি বন্ধ রাখার কোনও নির্দেশ ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়নি। ওই এলাকাগুলির মধ্যে কলকাতাও রয়েছে। তিনি আরও বলেন, এই বিষয়ে কমিশনের কোনও নির্দেশ না থাকা সত্ত্বেও কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানতে আবগারি কমিশনারের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।
উল্লেখ্য, রাজ্যে দুই দফায় ২৩ ও ২৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। প্রথম দফায় ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট পড়বে, আর দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। এই ১৬টি জেলায় রাত ৯টা থেকে সব মদের দোকান ও পানশালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন